
অর্ণব মজুমদার, স্টিং নিউজ, কৃষ্ণনগর:
এদিন নদিয়ার কৃষ্ণনগরের গ্রেস কটেজে অঙ্গীকার যাত্রার সঙ্গে যুক্ত সদস্যরা এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন।
সেখানে তারা জানান, নারীর লাঞ্ছনা মানবসভ্যতার এক লজ্জা এবং একসময়ের নবজাগরণের আলো আজ ক্রমশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তাই সমাজকে সচেতন করতেই এই যাত্রা অত্যন্ত প্রয়োজনীয়।
নদিয়া জেলায় কর্মসূচিকে সফল করতে বিশিষ্ট নাগরিকদের প্রয়াসে গড়ে উঠেছে একটি অভ্যর্থনা সমিতি।
পাশাপাশি, জেলার বিভিন্ন প্রান্তে গঠন করা হয়েছে ৭০টি সহায়ক অভ্যর্থনা সমিতি, যারা জেলা আবর্তনা সমিতির আহবানে বিভিন্ন কর্মসূচি আয়োজন করছে।
অঙ্গীকার যাত্রার প্রথম দিন ৯ ডিসেম্বর জেলার সব সহায়ক সমিতির উদ্যোগে এলাকায় এলাকায় মহীয়সী নারী রোকেয়া সাখাওয়াত হোসেনের ছবিতে মাল্যদান, অঙ্গীকার সভা এবং পদযাত্রার আয়োজন করা হবে।
১৩ ডিসেম্বর অংশগ্রহণকারীরা কৃষ্ণনগর শহর পরিক্রমা করবেন এবং পোস্ট অফিস মোড়ে সংবর্ধনা সভা, পদযাত্রা ও সাংস্কৃতিক কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।
নারী মর্যাদা রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাজ্যজুড়ে এই অঙ্গীকার যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা করছেন।






